এক মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটজনক সময় অতিক্রম করছেন এবং তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দেওয়া এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আল্লাহর রহমত এবং চিকিৎসা কার্যক্রম সফল হলে তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বলে জানা গেছে।
টিএইচএ/
