কুমিল্লায় গোমতী নদীর পাড় ও কৃষিজমির মাটি কেটে বিক্রি, জরিমানা লাখ টাকা

by Fatih Work

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর পাড় ও আশপাশের একাধিক কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, প্রশাসনের নজরদারির অভাবে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ এ কার্যক্রম চালিয়ে আসছে। তবে স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।

বিজ্ঞাপন
banner

সরজমিনে গিয়ে দেখা যায়, ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় মেসার্স এমএমআর ব্রিকস ফিল্ডের পাশের গোমতী নদীর পাড়ঘেঁষা সরকারি খাসজমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। সেখানে একটি ভেকু (এক্সকাভেটর) থাকলেও লোকজনের উপস্থিতি দেখা যায়নি।

অন্যদিকে, একই ইউনিয়নের জগৎপুর গ্রামসংলগ্ন মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারের পাশ থেকে গোমতী নদীর পাড় কেটে ট্রাক্টর ট্রলির মাধ্যমে মাটি অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে। এ কাজে একাধিক ভেকু ব্যবহার করা হচ্ছিলো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “নদীর পাড় ও ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কেটে নেওয়ায় কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। পাশাপাশি গোমতী নদীর পাড় দুর্বল হয়ে পড়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ছে।”

ভারী যান চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলোবালুর কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। অনেক জমিতে স্বাভাবিক ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও জমি চাষের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের দৃশ্যমান ব্যবস্থা না থাকায় একটি মহল সরকারি জমির মাটি কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এদিকে রবিবার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার নেতৃত্বে দড়িকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার দায়ে ভেকুচালক আব্দুল মান্নান ও মো. মামুনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, “রবিবার বিকেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভেকুচালকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ভেকুগুলো সরিয়ে নেওয়া হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222