পুরুষরা মহিলা সেজে ভোট দেওয়ার জন্য একটা দল ৪০ লাখ বোরকা বানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, এরা যদি এইভাবে জাল ভোট দেয় তাহলে এদের ধরিয়ে দিতে হবে। বোরকা পরে আমাদের মা বোন, এদের শ্রদ্ধা করি। বোরকা পরে জাল ভোট দিবে এটা সহ্য করা হবে না।
আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা আব্বাস ভাসানী গলি, জোনাকী সিনেমা হলের গলি এবং পল্টন থানার উল্টো পাশের গলিতে গণসংযোগ করেন। এরপর বিকালে পুরানা পল্টন জামে মসজিদে নামায আদায় করে আশপাশে গণসংযোগ করেন।
মির্জা আব্বাস আরো অভিযোগ করে বলেন, শুনতে পেলাম নির্বাচনী ফলাফল ঘোষণা করতে নাকি অনেক সময় লাগবে। কেনোরে ভাই! নির্বাচন শেষ হওয়ার ২ঘন্টায় রেজাল্ট না দিতে পারলে সর্বোচ্চ ১২ঘন্টা লাগতে পারে। ১২ ঘন্টা পার হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে। নির্বাচনী ফলাফল ঘোষণার আগে আমাদের কোন পোলিং এজেন্ট ঘরে ফিরে যাবে না।
মির্জা আব্বাস বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয় নাই। মনে হয় ঢাকা ৮ আসনেই শুধু নির্বাচন হচ্ছে। এখানে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে সারাদেশের নির্বাচন যাতে বানচাল হয়। তারা নানাভাবে উস্কানী দিচ্ছে। আমি ও নেতাকর্মীরা ধৈর্য্য ধারণ করছে। আল্লাহর কাছে শুকরিয়া যে, আল্লাহ আমাকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন।
উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে শুধু সমর্থন দিলেই হবে না। আমার সমর্থক ও কর্মীদের সবার কাছে যেতে হবে। প্রতিটি ওয়ার্ড ও বাজারে যদি ১০ জন করে ভোটারদের সাথে কথা বলেন তাহলে আমার কাজে লাগবে। শুধু আমার জয়লাভ বড় কথা নয়, সারাদেশে বিএনপিকে জয়ী হতে হবে।
এআইএল/
