আসছে ২ হাজার ৫০০ কোটির সুকুক বন্ড, ১০ হাজার দিয়ে বিনিয়োগের সুযোগ

by Abid

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পল্লী অবকাঠামো আমূল বদলে দিতে বড় ধরনের বিনিয়োগ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ‘৭ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ নামের এই শরিয়াহভিত্তিক বন্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। মূলত ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরডিপিএনএফএল)’ ব্যয় নির্বাহের লক্ষ্যে এই বিশাল বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

এই সুকুক বন্ডটি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও লাভজনক মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। ‘ইজারা সুকুক’ পদ্ধতির এই বন্ডের মেয়াদকাল ধরা হয়েছে ৭ বছর। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে মাত্র ১০ হাজার টাকা থেকে এখানে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, বিনিয়োগকারীরা বার্ষিক ৯.৬০ শতাংশ হারে মুনাফা পাবেন, যা প্রতি ছয় মাস অন্তর অন্তর তাদের অ্যাকাউন্টে প্রদান করা হবে।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশি নাগরিক এবং প্রবাসীদের পাশাপাশি যেকোনো দেশি প্রতিষ্ঠান এই সুকুকে অর্থায়ন করতে পারবে। বিনিয়োগের প্রক্রিয়া অত্যন্ত সহজ রাখা হয়েছে; নতুন কোনো ব্যাংক হিসাব ছাড়াই বর্তমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে যে কেউ এই বন্ড কিনতে পারবেন। যেকোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই নিলামে অংশগ্রহণের সুযোগ থাকছে।

আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এই তিন জেলার ২০টি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের স্বার্থে এই বন্ড ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারের এই মেগা প্রজেক্টের ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ ও আর্থ-সামাজিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222