কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? আলোচনায় খন্দকার মোশাররফ ও নজরুল ইসলাম খান

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রক্ষমতায় বসতে যাওয়া বিএনপির নীতিনির্ধারণী মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। ২০৯ আসন পেয়ে সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা দলটির ভেতরে পরবর্তী রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে একাধিক সমীকরণ ডালপালা মেলছে। দলীয় সূত্রগুলোর দাবি, এই পদের জন্য সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। পাশাপাশি আলোচনায় রয়েছে স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নামও।

রাজনৈতিক বিশ্লেষকগন বলছে, ৭৯ বছর বয়সী ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম রাষ্ট্রপতির দৌড়ে অনেকখানি এগিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক ও অভিজ্ঞ রাজনীতিক এবার কুমিল্লা-১ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১ ও ২০০১ সালের বিএনপি সরকারে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে তার ঐতিহাসিক ভূমিকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে এই পদের জন্য যোগ্যতম দাবিদার করে তুলেছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, নজরুল ইসলাম খানের নাম আলোচনায় থাকলেও তার ভূমিকা নিয়ে ভিন্ন চিন্তা রয়েছে দলের ভেতরে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের মতে, অভিজ্ঞ এই নেতাকে রাষ্ট্রপতির পরিবর্তে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার জোরালো পরামর্শ রয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে তার দক্ষতা এবং বেগম খালেদা জিয়ার প্রয়াণ পরবর্তী পরিস্থিতিতে দলের সংহতি রক্ষায় তার ভূমিকা হাইকমান্ডের কাছে উচ্চ প্রশংসিত হয়েছে। ফলে নীতিনির্ধারকরা তাকে সরকারের সরাসরি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় রাখার পক্ষেই বেশি মত দিচ্ছেন।

এদিকে, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার স্বাভাবিক মেয়াদ থাকলেও, গত ডিসেম্বরে সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার ব্যক্তিগত ইচ্ছার কথা জানিয়েছিলেন। ওই সময় তিনি নিজের প্রতিকৃতি সরিয়ে ফেলাসহ বিভিন্ন বিষয়ে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেন। ফলে আগামীকাল মঙ্গলবার নতুন সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের কয়েক দিনের মধ্যেই বঙ্গভবনের পরবর্তী অভিভাবকের নাম চূড়ান্তভাবে প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222