পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাব এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৯। সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার নিচে।
ভূমিকম্পের সময় পাকিস্তানের বিভিন্ন শহরের বাসিন্দারা পবিত্র রমজান মাসের ইফতার আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রচণ্ড কম্পন শুরু হলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বিশেষ করে শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরাসহ আশপাশের জেলাগুলোতে তীব্র ঝাকুনি অনুভূত হয়েছে। তবে শক্তিশালী এই কম্পনের ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গম এলাকাগুলোর খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই মাঝারি ও শক্তিশালী মাত্রার ভূ-কম্পন দেখা যায়। এর আগে গত ১৩ ফেব্রুয়ারিও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার কেন্দ্রস্থল ছিল খুজদার শহর থেকে ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
টিএইচএ/
