উপসাগরীয় দেশগুলোতে ইরানের টানা তৃতীয় দিন পাল্টা হামলা

by Fatih Work

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আরও বিস্তৃত হয়ে উপসাগরীয় দেশগুলোর দোরগোড়ায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জবাবে টানা তৃতীয় দিনের মতো প্রতিবেশী দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

সোমবার (২ মার্চ) ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের রাজধানী দোহা এবং কুয়েতের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং শহরজুড়ে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

কুয়েতের সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছেন, দেশটির রুমাইথিয়া ও সালওয়া এলাকায় ধেয়ে আসা অধিকাংশ ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। তবে এই সংঘাতের আঁচ থেকে মুক্ত নয় বাহরাইনও। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্কবার্তা জারি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানী মানামার সাথে সংযোগকারী শেখ খলিফা বিন সালমান সেতু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে প্রধান সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এই নতুন সংঘাতে হতাহতের সংখ্যাও বাড়ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, কুয়েতে ১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ জন এবং কাতারে ১৬ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৭৪৭ জন। ইসরায়েলেও ৯ জন নিহত ও ১২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, তাদের ওপর হামলা অব্যাহত থাকলে এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে সোমবারের হামলায় বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় আঞ্চলিক বিমান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে চরম অস্থিরতা দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে রবিবার (১ মার্চ) যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মিত্র দেশগুলো এক যৌথ বিবৃতিতে এই আঞ্চলিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, তারা প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বন্দ্বে জড়াতে চান না। তার ভাষ্যমতে, এই হামলাগুলো মূলত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং তাদের লক্ষ্যবস্তু কেবল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো, প্রতিবেশী দেশগুলো নয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222