যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি মুসলিম ধর্মীয় আলেম।
শুক্রবার (৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান এবং একই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের এসব সুন্নি আলেম যৌথ বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, আয়াতুল্লাহ খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা অর্জন করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।
বিবৃতিতে ধর্মীয় নেতারা আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আলেম-ওলামা, চিন্তাবিদ এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্বে পরিণত হয়েছে। তারা বলেন, মুসলিম বিশ্বের ওপর ক্রমবর্ধমান চাপ ও সংঘাতের প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
ধর্মীয় নেতাদের মতে, সাম্প্রতিক হামলা কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এ অবস্থায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে দেশটির সশস্ত্র বাহিনীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
টিএইচএ/
