ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। অধিবেশনের শুরুতে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নির্বাচিত হওয়ার পর ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোর থেকে নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম। সংসদের সাময়িক সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি ভোটের জন্য পেশ করলে তা সর্বসম্মতিক্রমে ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়। এর আগে ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশন পরিচালনার জন্য সভাপতি হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা সমর্থন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোস করেননি। প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় কোনো বিরোধ থাকতে পারে না জানিয়ে তিনি দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
