রায়পুরায় পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মোবারক হোসেন কবিরকে চায় তৃণমূল

by Fatih Work

বশির আহমেদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ত্যাগী নেতা মো. মোবারক হোসেন কবিরকে দেখতে চায় স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি নিষ্ঠা এবং বিগত স্বৈরশাসনামলে হামলা-মামলার শিকার এই নেতাকে ঘিরেই এখন নতুন করে স্বপ্ন দেখছেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, মোবারক হোসেন কবিরের মতো পরীক্ষিত নেতৃত্ব পেলে পলাশতলী ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।

স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মোবারক হোসেন কবির একাধিকবার কারাবরণ করেছেন। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় রাজাগঞ্জ বাজার থেকে এবং পরবর্তীতে ২০২২ সালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ সময় কারাবাস ও রাজনৈতিক নিগ্রহ সহ্য করেও তিনি মাঠ ছাড়েননি। এমনকি প্রতিকূল পরিস্থিতিতে পালিয়ে থেকেও তিনি নিরবিচ্ছিন্নভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রত্যাশীদের মতে, মোবারক হোসেন কবিরের গ্রহণযোগ্যতা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাপক এবং তিনি সর্বদা এলাকার মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন
banner

পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মোবারক হোসেন কবির তার প্রতিক্রিয়ায় বলেন, বিগত স্বৈরশাসনামলে দুইবার কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হয়েও আমি বিচলিত হইনি। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সেবামূলক কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একঝাঁক নবীন-প্রবীণ নেতাকর্মীকে সাথে নিয়ে আমি মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তবে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে পলাশতলী ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিটে রূপান্তর করব।

এ সময় তার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন পলাশতলী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. মোবারক হোসেন ফরাজি, পলাশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন এবং ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজল মিয়াসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা আশা প্রকাশ করেন, দলীয় হাইকমান্ড তৃণমূলের প্রত্যাশা বিবেচনা করে একজন যোগ্য ও পরীক্ষিত নেতাকেই পলাশতলী ইউনিয়নের দায়িত্ব প্রদান করবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222