জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার পর হাসপাতালে গিয়েও হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদিক কায়েম। তিনি ছাত্রদল ও ছাত্রলীগকে পৃথিবীর ইতিহাসে হাসপাতালে হামলা চালানো ইসরায়েলের সঙ্গে তুলনা করেছেন। বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে সাদিক কায়েম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএসসহ নির্বাচিত প্রতিনিধিদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীরা বর্বরোচিত কায়দায় হামলা চালিয়েছে। হামলার শিকার শিক্ষার্থীরা যখন চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন, সেই হাসপাতালেও কাপুরুষের মতো হামলা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে মাত্র তিনটি গ্রুপ হাসপাতালে হামলা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক নম্বর হচ্ছে ইসরায়েল, দুই নম্বর হচ্ছে ছাত্রলীগ এবং তিন নম্বর হচ্ছে এই ছাত্রদল। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, গত ছয় মাসে ব্যর্থতার কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিপ্লব-পরবর্তী ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের ছাত্রসংগঠনকে প্রত্যাখ্যান করেছে।
ছাত্রদলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাদিক কায়েম বলেন, তারা যদি সন্ত্রাসের পথ অব্যাহত রাখে এবং ক্যাম্পাসগুলোতে পুনরায় গণরুম ও গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, তবে ছাত্রলীগের চেয়েও ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে। প্রধানমন্ত্রী তারেকিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, নব্বইয়ের দশক বা দুই হাজার একালের পর ক্যাম্পাসে কায়েম করা সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না। আবু সাঈদ ও আলী রায়হানের উত্তরসূরিরা বেঁচে থাকতে ক্যাম্পাসগুলোতে দখলদারিত্বের রাজনীতি ফিরতে দেবে না বলে জানান তিনি।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন খাতের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে সরকারের ব্যর্থতার কারণে জ্বালানির দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং সর্বত্র গ্যাস সংকটসহ তীব্র অব্যবস্থাপনা দেখা দিয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চা রক্ষায় দেশের সব ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রশিবির সবসময় তাদের পাশে থাকবে।
টিএইচএ/
