সংযুক্ত আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা: উত্তপ্ত হরমুজ প্রণালী

by Fatih Work

সংযুক্ত আরব আমিরাতের জাবাল আলী উপকূলের কাছে একটি মালবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, জাবাল আলী থেকে ৩৫ নটিক্যাল মাইল উত্তরে একটি কন্টেইনার জাহাজ অজ্ঞাত লক্ষ্যবস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আরও তীব্রতর হলো।

বিজ্ঞাপন
banner

ইউকেএমটিও-র প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন যে একটি অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে ছোটখাটো অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে জাহাজের সকল ক্রু নিরাপদ রয়েছেন এবং এখন পর্যন্ত পরিবেশগত কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার সকালেও সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি জাপানি পতাকাবাহী কন্টেইনার জাহাজে একই ধরনের হামলার খবর পাওয়া গিয়েছিল। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর মতে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালীতে অন্তত তিনটি জাহাজ অজ্ঞাত লক্ষ্যবস্তুর শিকার হয়েছে।

এদিকে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার এবং থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজও হামলার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থাগুলো। থাইল্যান্ডের জাহাজটিতে দুটি প্রজেক্টাইল আঘাত হানায় এর ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ গার্ডিয়ান অব দ্য ইসলামিক রেভল্যুশন বা আইআরজিসি-র বরাত দিয়ে জানিয়েছে, থাই জাহাজটিতে ইরানি যোদ্ধারা সরাসরি গুলি চালিয়েছে। অতীতে ইরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও এবারই প্রথম তাদের সরাসরি সম্পৃক্ততার কথা সামনে এলো। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়, ফলে এই অঞ্চলে অব্যাহত হামলা বিশ্ব অর্থনীতি ও সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222