পাকিস্তানের নতুন করে চালানো বিমান হামলার জবাবে খাইবার পাখতুনখোয়ায় অবস্থিত পাকিস্তানি সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে এই হামলা চালানো হয় বলে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পাল্টা হামলা সীমান্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল।
তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ড্রোন উড্ডয়নের ভিডিও পোস্ট করে এই অভিযানের কথা জানান। তিনি দাবি করেন, পাকিস্তানের কোহাট সামরিক দুর্গ লক্ষ্য করে তালেবান বিমান বাহিনী এই হামলা পরিচালনা করেছে। হামলায় কোহাট দুর্গের সামরিক স্থাপনা, কমান্ড সেন্টার, গুদামঘর এবং সেনাদের আবাসনস্থল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন। খোয়ারাজমি আরও দাবি করেন, এই হামলায় পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যাপক প্রাণহানি এবং উল্লেখযোগ্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে তালেবানের এই বিশাল ক্ষয়ক্ষতির দাবির বিপরীতে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণত সীমান্ত সংঘর্ষের ঘটনায় পাকিস্তান তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালেও কোহাট দুর্গের ক্ষয়ক্ষতির বিষয়ে তারা নীরব রয়েছে। এর আগে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছিলেন যে, পাকিস্তানি সেনাবাহিনী আবারও আফগানিস্তানের কাবুল, কান্দাহার, পাক্তিয়া এবং পাক্তিকা প্রদেশের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। মূলত সেই হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে তালেবান।
দীর্ঘদিন ধরে ডুরান্ড লাইন বা পাক-আফগান সীমান্তে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। পাকিস্তান দাবি করে আসছে যে, আফগান মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কঠোর নিন্দা জানিয়ে আসছে।
তথ্যসূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল
টিএইচএ/
