উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো অনুকূলে না থাকায় এবং চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তার পরিবার।
শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের পরিবার বর্তমানে দেশীয় চিকিৎসকদের ওপর এবং দেশের চিকিৎসার প্রতি পূর্ণ আস্থাশীল। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড যদি মনে করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, তবে বিষয়টি পুনরায় বিবেচনা করা হতে পারে। তিনি আরও জানান, আজ মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে সার্বিক অবস্থা পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান এবং অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে তার কেবিনে অবস্থান করেন। এ সময় প্রধানমন্ত্রী মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
টিএইচএ/
