পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হলেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকেই তিনি রাষ্ট্রের অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঈদযাত্রা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন তিনি। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবনে অবস্থান করে সার্বক্ষণিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান খাল খনন কর্মসূচির বর্তমান অবস্থা এবং কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ তদারকি করছেন। এই কর্মসূচিগুলো যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং মাঠ পর্যায়ের প্রতিবেদন পর্যালোচনা করছেন। এছাড়া বর্ষা মৌসুমের প্রস্তুতি হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের অন্যান্য সিটি করপোরেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। নগরবাসীকে যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর তৎপরতা সম্পর্কেও প্রধানমন্ত্রী সরাসরি অবগত হচ্ছেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলে মহাসড়ক ও রেলপথে যাত্রীসেবার মান বজায় রাখার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি সাধারণ ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করেছেন। সেদিন তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। জনস্বার্থ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বজায় রাখতেই ছুটির দিনেও প্রধানমন্ত্রী এই কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টিএইচএ/
