সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘সাহেব’ সম্বোধন, ভুল স্বীকার করলেন এমপি হাসনাত

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ‘সম্মানসূচক’ সম্বোধন না করায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ভুল ধরিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অধিবেশনে এই ঘটনা ঘটে। কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘মাননীয়’ সম্বোধন না করে ‘সালাউদ্দিন সাহেব’ বলায় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। তবে তাৎক্ষণিক ভুল স্বীকার করে ক্ষমা চান হাসনাত।

বিজ্ঞাপন
banner

অধিবেশনের এক পর্যায়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সম্পূরক প্রশ্ন উত্থাপনের সুযোগ দেন ডেপুটি স্পিকার। এ সময় হাসনাত বলেন, ‘সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন; সেই বিষয়টি নিয়ে আমরা সংকুচিত থাকি।’ তার এমন সম্বোধনে উপস্থিত অন্য সংসদ সদস্যরা তাৎক্ষণিক আপত্তি জানান এবং তাকে ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ বলে ডাকার আহ্বান জানান। ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে হাসনাত পুনরায় তার বক্তব্য চালিয়ে যান।

বক্তব্যের শুরুতেই নিজের ভুল স্বীকার করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্বোধন করার ক্ষেত্রে ভুল হয়ে থাকে তবে আমি তা স্বীকার করছি। আমি মাত্র সাড়ে ২৭ বছর বয়সে সংসদে আসছি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ১৯৯১ সালে প্রথম সংসদে আসেন, তখন আমার জন্মই হয়নি; আমার জন্ম ১৯৯৮ সালে। তাই প্রথাগত বা কনভেনশনাল যে ভুলগুলো রয়েছে, তা আমি সংশোধন করতে রাজি আছি। যখনি আমাদের ধরিয়ে দেওয়া হবে, আমরা তা শুধরে নেব।’ তার এমন বিনয়ী জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত সংসদ সদস্যরা হাসিতে ফেটে পড়েন।

হাসনাতের কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ হেসে বলেন, ‘বয়স যাই হোক, আমাকে হাসনাত সাহেবকে মাননীয় সংসদ সদস্য বলেই সম্বোধন করতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘অল্প বয়সে সংসদে আসাটা বড় ভাগ্যের ব্যাপার। আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাতকে ভুল স্বীকার করার জন্য সাধুবাদ জানিয়ে বলেন, ‘আমরা যে সময় এমপি হয়েছি, তার ১০-১২ বছর পরে জন্ম নেওয়াটা সৌভাগ্যের বিষয়। কারণ তার আগে দেশে সামরিক শাসনের সময় ছিল।’

এর আগে হাসনাত আবদুল্লাহ পুলিশ সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে মাঠপর্যায়ের পুলিশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের পুলিশের যান্ত্রিক ও আর্থিক সমস্যা রয়েছে। তদন্তের কাজে পাঠানোর সময় পুলিশকে থানা থেকে পর্যাপ্ত খরচ দেওয়া হয় না, যা দেওয়া হয় তা অত্যন্ত অপ্রতুল। ফলে পুলিশে ‘ম্যানেজ করে নাও’ নামক একটি কালচার প্রচলিত হয়ে গেছে, যা তাদের দুর্নীতির দিকে ঠেলে দেয়। তিনি পুলিশ বাহিনীকে জনবান্ধব করতে যথাযথ বাজেট বরাদ্দ ও সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222