হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by Abid

দেশের অন্যতম বৃহত্তম অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

আগামী ২৫ এপ্রিল (২০২৬) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর’-এ এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার (১ এপ্রিল) ৩৬ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিজ্ঞাপন
banner

সংগঠন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী তার সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা শুরু হয়েছে। বাবুনগর মাদ্রাসায় এই উচ্চপর্যায়ের সাক্ষাৎকে কেন্দ্র করে আলেম সমাজ ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক ও ধর্মীয় বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর দেশের স্থিতিশীলতা ও আলেম সমাজের সঙ্গে সরকারের সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। সফর উপলক্ষে ফটিকছড়ি ও বাবুনগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত ও সৌজন্যমূলক সফরটি জাতীয় প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222