ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন পর দেশ নতুন এক মোড় ঘোরানো মুহূর্তে দাঁড়িয়ে আছে।
বুধবার (৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই ‘বড় ক্ষতি’ কৌশলগতভাবে দেশের স্থিতিশীলতা ও কাঠামোগত ঐক্যকে আরও শক্তিশালী করেছে। তিনি এ ঘটনাকে ‘কৌশলগত সাফল্য’ হিসেবে উল্লেখ করে দেশবাসীকে অভিনন্দন জানান।
আরিফ বলেন, খামেনির চিন্তাধারার ভিত্তিতে এমন একটি শাসনব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে ক্ষমতা কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা জাতির ইচ্ছা ও ঐশ্বরিক কাঠামোর ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর যৌথ হামলায় খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন বলে ইরানের অভিযোগ। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। তিনি একে ‘দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন।
পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ৪০ দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি করে।
তাদের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে, যার মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয় রয়েছে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি শৈশব থেকেই ইসলামী শিক্ষা ও সাহিত্যিক পরিবেশে বেড়ে ওঠেন এবং ধীরে ধীরে একটি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি দেশের প্রেসিডেন্ট হন এবং ইরান-ইরাক যুদ্ধে নেতৃত্ব দেন।
পরবর্তীতে ২০২৫ ও ২০২৬ সালে দুটি বড় বিদেশি আগ্রাসনের মুখে পড়ে ইরান। এসব সংঘাতের মধ্যেই ‘অপারেশন ট্রু প্রমিজ’ এর মাধ্যমে দেশটি তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক হামলায় খামেনি নিহত হন বলে জানানো হয়।
রোজা অবস্থায় কোরআন তিলাওয়াতের সময় তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।
ওই ঘটনার পর শুরু হওয়া ‘রমজান যুদ্ধ’ টানা ৪০ দিন স্থায়ী হয় এবং বুধবার এর সমাপ্তি ঘটে।
ইরানের দাবি, এই যুদ্ধের অবসান ঘটে তাদের প্রস্তাবিত ১০ দফা চুক্তি মেনে নেওয়ার মাধ্যমে, যা তাদের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবেও জানানো হয়।
হাআমা/
