রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ চত্বর থেকে নগর ভবন ও পুলিশ হেডকোয়ার্টার্সের সামনের সড়কটির পূর্বের নাম ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ পুনর্বহাল করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন।
জানা যায়, অবিভক্ত ঢাকার মেয়র থাকা অবস্থায় প্রয়াত সাদেক হোসেন খোকা হাফেজ্জী হুজুরের নামে সড়কটির নামকরণ করেছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে সড়কটির নাম পরিবর্তন করা হয়। সর্বশেষ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সড়কটির আগের নাম পুনর্বহাল করা হলো।
সড়কটির নাম পুনর্বহাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুরের নাতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, মাওলানা ইলিয়াস মাদারীপুরীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু উলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ‘হাফেজ্জী হুজুর (রহ.) রোড’ পুনঃনামকরণ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।
হাআমা/
