আগামী সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ চায়না রিনিবল এনার্জি ফোরাম’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং খুব দ্রুতই গ্রাহকরা এর সুফল পাবেন।
সেমিনারে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে সৌর ও বায়ুবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার লক্ষ্য নির্ধারণ করেছে যে, আগামী ৫ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধিতে কাজ চলছে।
অনুষ্ঠানে মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জ্বালানি খাতের এই দ্বিপাক্ষিক সহযোগিতা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। বিশেষ করে চিনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গ্রিন এনার্জি খাতে বড় ভূমিকা রাখতে পারেন। সেমিনারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জ্বালানি বিশেষজ্ঞ এবং চিনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
টিএইচএ/
