গুগলের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ‘এআই ওভারভিউ’ এবার জিমেইল প্ল্যাটফর্মে যুক্ত হতে যাচ্ছে। ইতিমধ্যে গুগল সার্চ ইঞ্জিনে এই ফিচারটি ব্যাপক সাড়া ফেলায় এবার ই–মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করতে এই উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
সোমবার (২৭ এপ্রিল) গুগলের এক আনুষ্ঠানিক বার্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
গুগলের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমাগত উন্নতির ফলে অনলাইনে তথ্য খোঁজার ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। জিমেইলে এই সুবিধা যুক্ত হলে ইনবক্সে থাকা শতশত ই–মেইলের মধ্য থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এআই স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করবে। এর ফলে ব্যবহারকারীরা দীর্ঘ ই–মেইল না পড়েই সেটির মূল বক্তব্য বা প্রয়োজনীয় অংশ সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাবেন। এটি বিশেষ করে পেশাজীবীদের সময় বাঁচাতে এবং গুরুত্বপূর্ণ ই–মেইল দ্রুত শনাক্ত করতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া জিমেইলের সার্চ অপশনে সরাসরি প্রশ্ন করেও তথ্য খুঁজে পাওয়ার সুবিধা থাকছে। ব্যবহারকারীর প্রশ্নের ধরণ বুঝে এআই একাধিক ই–মেইল ও কথোপকথন বিশ্লেষণ করে একটি সঠিক সারাংশ তৈরি করে দেবে। এতে করে অতীতের কোনো নির্দিষ্ট তথ্য বা ডেটা খুঁজে বের করা আগের চেয়ে অনেক বেশি সহজ ও কার্যকর হবে। গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে এই সুবিধাটি গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে সুবিধাটি পেতে ব্যবহারকারীদের আগে থেকেই ‘জেমিনাই ফর ওয়ার্কপ্লেস’ সহ গুগল ওয়ার্কপ্লেসের স্মার্ট ফিচারগুলো সক্রিয় রাখতে হবে।
টিএইচএ/
