ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা নাকচ করল হিজবুল্লাহ

by Abid

লেবানন ও ইসরায়েলের মধ্যে পরিকল্পিত সরাসরি আলোচনার সম্ভাবনা জোরালোভাবে নাকচ করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। এই ধরনের আলোচনা লেবাননের কোনো উপকারে আসবে না এবং এটি একটি গুরুতর পাপ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই আলোচনা বা এর ফলাফল তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না। নাঈম কাসেমের এই অনড় অবস্থানের ফলে দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টায় নতুন করে জটিলতা তৈরি হলো।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে নাঈম কাসেম বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। যারা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তাদের বোঝা উচিত যে এই পদক্ষেপ লেবানন বা তাদের নিজেদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। তিনি লেবানন কর্তৃপক্ষকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, লেবাননকে অস্থিতিশীলতার চক্রে ফেলে দেওয়ার মতো এমন গুরুতর পাপ থেকে তারা যেন বিরত থাকে। হিজবুল্লাহ নেতার এই মন্তব্য মূলত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের অবস্থানের সরাসরি বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে, যিনি ইসরায়েলের সাথে আলোচনার জন্য যুদ্ধবিরতিকে প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছিলেন।

হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, এই সরাসরি আলোচনা এবং এর সম্ভাব্য ফলাফল আমাদের কাছে সম্পূর্ণ গুরুত্বহীন। আমরা লেবানন ও এর জনগণের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের আত্মরক্ষামূলক প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখব। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লেবানন ও ইসরায়েল বৈরি অবস্থানে থাকলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় আলোচনার গুঞ্জন উঠেছিল। তবে হিজবুল্লাহর এই কঠোর বার্তা প্রমাণ করে যে, সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের সাথে কোনো ধরনের সরাসরি টেবিলে বসতে রাজি নয়। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222