আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি এবং কাবুলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাও শিং এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানী কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে আফগানিস্তান ও চীনের মধ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরে উভয় পক্ষই বর্তমান সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। বিশেষ করে আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানে চীনের ভূমিকার প্রশংসা করেন সিরাজুদ্দিন হাক্কানি। তিনি বলেন, আফগানিস্তান বর্তমানে দেশজুড়ে পূর্ণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে চীনের মতো প্রতিবেশী রাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ঝাও শিং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির উন্নয়ন এবং আফগান জনগণের কল্যাণে চীনের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বিনিয়োগের যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই বৈঠক তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বেইজিং শুরু থেকেই কাবুলের সাথে সক্রিয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে।
টিএইচএ/
