আন্তর্জাতিক ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাত এবার বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশগুলো জোট ‘ওপেক’ এবং ‘ওপেক প্লাস’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, যা তেল উৎপাদনকারী জোট এবং জোটের অঘোষিত নেতা সৌদি আরবের জন্য বড় ধাক্কা।
আমিরাত এমন এক সময়ে এই ঘোষণা দিলো যখন ইরান যুদ্ধ একটি ঐতিহাসিক জ্বালানি সংকট সৃষ্টি করেছে এবং বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। কারণ ইরানের হুমকি এবং জাহাজের ওপর হামলার কারণে ওপেকভুক্ত উপসাগরীয় তেল উৎপাদক দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে জ্বালনি রফতানি করতে হিমশিম খাচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, ‘এই সিদ্ধান্তটি সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক প্রকল্প এবং দেশটির জ্বালানি খাতের উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনে বিনিয়োগ ত্বরান্বিত করাও অন্তর্ভুক্ত। এটি একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য উৎপাদক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রতি তার অঙ্গীকারকেও শক্তিশালী করে।’
এতে আরও বলা হয়েছে, ‘এই সিদ্ধান্তটি জাতীয় স্বার্থ এবং বাজারের জরুরি চাহিদা মেটাতে সক্রিয়ভাবে অবদান রাখার দেশের অঙ্গীকার, বিশেষ করে আরব উপসাগর ও হরমুজ প্রণালির বিশৃঙ্খলা থেকে উদ্ভূত স্বল্পমেয়াদে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে, যা সরবরাহের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে’।
