দেশের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ থাকলেও দল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ এবং দলের প্রতি আনুগত্য নিয়ে খোলামেলা কথা বলেন। সাকিব স্পষ্টভাবে জানিয়েছেন, দলের সুসময়ে যেমন তিনি সঙ্গে ছিলেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আওয়ামী লীগের প্রতি নিবেদিত থাকতে চান।
রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে করা এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, আওয়ামী লীগের প্রতিই তার পূর্ণ নিবেদিত থাকার কথা। তিনি যোগ করেন, তার বারবার দল পরিবর্তন করার কোনো শখ বা ইচ্ছা কোনোকালেই ছিল না এবং বর্তমানেও নেই। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, অতীতে তিনি যদি কোনো ছোট দলের সঙ্গেও যুক্ত হয়ে থাকেন, তবে সবসময় সেই দলের প্রতি অনুগত থেকেছেন। রাজনীতিতে রাতারাতি পক্ষ পরিবর্তন বা ‘পল্টি’ দেওয়ার অভ্যাস তার নেই বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থাকে সাময়িক হিসেবে দেখছেন সাকিব। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে আজীবন নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। সাকিবের মতে, এটি মানুষের গণতান্ত্রিক অধিকারের অংশ এবং দেশের একটি বড় জনগোষ্ঠীকে দীর্ঘকাল দাবিয়ে রাখা যায় না। তিনি মনে করেন, জোর করে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো শক্তিকে দমিয়ে রাখা সম্ভব হলেও, তাতে দেশের সার্বিক উন্নতি বা রাজনীতির কোনো কল্যাণ বয়ে আনে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ থাকা উচিত বলেই তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন।
টিএইচএ/
