সরকারের ভালো কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে চান ডা. মাহমুদা মিতু

by Tahsan Arif

নিজস্ব প্রতিবেদক : সরকারের ভালো কাজে সর্বোচ্চ সহযোগিতা করবার ইচ্ছে রয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। তিনি বলেন, সরকারের যেসব ভালো উদ্যোগ রয়েছে, সেগুলোতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তরুণ সমাজ যেভাবে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, সরকারও যেন গণভোটসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপে দৃঢ় অবস্থান নেয়।

রোববার (০৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ডা. মিতু বলেন, এনসিপি শুরু থেকেই সংস্কারের রাজনীতি করে আসছে এবং দলের জন্মই হয়েছে সংস্কারকে কেন্দ্র করে।

জুলাইয়ের পর শহীদদের যে আকাঙ্ক্ষা—দেশকে সংস্কার করে এগিয়ে নেওয়া—তা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি তরুণদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান। অন্য একটি পেশাগত ক্ষেত্র থেকে এসে তিনি এই আন্দোলনে অংশ নেন এবং দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নারীর নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিভিন্ন নারী গ্রুপের মাধ্যমে তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। জুলাইয়ের পর যেসব নারী হারিয়ে গেছেন বা পিছিয়ে পড়েছেন, তাদের সামনে নিয়ে আসা এবং নারীদের নিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী গড়ে তুলতে কাজ করবেন বলে জানান তিনি।

এনসিপি নেত্রী বলেন, নারীদের রাজনীতি সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। কারণ একটি শিশুর প্রথম শিক্ষা মায়ের হাত ধরেই শুরু হয়। তাই মা যদি রাজনীতি সম্পর্কে সচেতন হন, তবে ভবিষ্যৎ প্রজন্মও সচেতন হয়ে উঠবে, যা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শপথ গ্রহণের আগে থেকেই তার পরিকল্পনা ছিল সংস্কার নিয়ে কাজ করার। সংসদের ভেতরে ও বাইরে, এমনকি মাঠ পর্যায়েও এই আন্দোলন অব্যাহত থাকবে। তবে সরকারের ইতিবাচক উদ্যোগগুলোতে তিনি সবসময় সহযোগিতা করবেন বলে পুনর্ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222