মক্কায় হজের নির্ধারিত বিধিমালা ও নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে সুদান, মিসর এবং ইয়েমেনের ১০ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সৌদি আরবের পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৬ সালের হজ মৌসুম ঘিরে সৌদি সরকারের কঠোর নিরাপত্তা তৎপরতার অংশ হিসেবে তাদের আটক করা হয়।
সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত এই প্রবাসীরা কোনো প্রকার বৈধ হজ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশ করেছিলেন এবং সেখানে অবৈধভাবে অবস্থান করার চেষ্টা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যেই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
পাবলিক সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এক বিশেষ বার্তায় ২০২৬ সালের হজ মৌসুমের জন্য নির্ধারিত নিয়মাবলি মেনে চলার জন্য সকল সৌদি নাগরিক এবং প্রবাসীদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে, বৈধ অনুমতিপত্র বা তাসরিহ ছাড়া হজের আনুষ্ঠানিকতা পালনের চেষ্টা করা দণ্ডনীয় অপরাধ। হাজিদের নিরাপত্তা ও পবিত্র মক্কার শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সাথে পূর্ণ সহযোগিতা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
টিএইচএ/
