রুয়েটে স্কুল-কলেজ শিক্ষার্থীদের এআই প্রতিযোগিতার প্রোগ্রামিং পর্ব অনুষ্ঠিত

by Abid

রুয়েট প্রতিনিধি (রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট।

বৃহস্পতিবার (৮ মে) ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোডিংয়ে উৎসাহিত করতেই এই বিশেষ আয়োজন।

বিজ্ঞাপন
banner

কার্নিভালের তিনটি প্রধান সেগমেন্টের মধ্যে রোবোটিক্স সেগমেন্টটি গত ১৭ এপ্রিল সফলভাবে সম্পন্ন হয়েছিল। এবারের আয়োজনে গুরুত্ব দেওয়া হয় প্রোগ্রামিংয়ের ওপর। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল ‘স্ক্র্যাচ প্রোগ্রামিং’ এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল ‘সি’ ও ‘পাইথন’ ভাষায় প্রবলেম সলভিং প্রতিযোগিতা। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জনেরও বেশি ক্ষুদে প্রোগ্রামার এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য এক ঘণ্টার মধ্যে পাঁচটি প্রোগ্রামিং সমস্যা সমাধানের চ্যালেঞ্জ দেওয়া হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম তুষার। তিনি অংশগ্রহণকারীদের মেধার প্রশংসা করে বলেন, আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে প্রোগ্রামিং প্রতিযোগিতার সঙ্গে পরিচিত হতো, কিন্তু এখন স্কুল জীবন থেকেই তারা কোডিং শিখছে এটি দেশের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক। তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি প্রতিযোগী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে এবং প্রত্যেকেই অন্তত একটি সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সুস্মিত জাহান বলেন, পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ছোটবেলা থেকেই কোডিং এবং এআই-সংশ্লিষ্ট প্রযুক্তি শেখা অপরিহার্য। অন্যদিকে, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শাহিদা আফরিন জানান, গত ছয় বছর ধরে তারা দেশে স্টেম (STEM) শিক্ষা প্রসারে কাজ করছেন। শিক্ষার্থীদের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ভেন্যু নির্বাচন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে রুয়েটের সিএসই সেমিনার রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুজ্জামান এবং আইসিটি বিভাগের এজ (EDGE) প্রজেক্টের একজন কনসালট্যান্ট। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্নিভালে বিজয়ী শীর্ষ দলগুলো পরবর্তীতে নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। পুরো আয়োজনে অর্গানাইজিং পার্টনার হিসেবে ছিল আমেরিকান কর্নার রাজশাহী ও ক্যারিয়ার গাইডলাইনস অ্যান্ড অ্যালামনাই প্লেসমেন্ট সেন্টার। এছাড়া ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতা করেছে রুয়েট কম্পিউটিং সোসাইটি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222