দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

by Abid

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক সপ্তাহের জাপান সফর শেষে আজ ৯ মে শনিবার দেশে প্রত্যাবর্তন করেছেন। দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২ মে জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান। তাঁর এই সফরে সঙ্গী হিসেবে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। সফরকালে তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একাধিক বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং অবকাঠামোগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। তিনি জানান, জাপান বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতে ক্যানসার চিকিৎসা, গ্রামীণ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

সফর শেষে দেশে ফেরার পথে তিনি থাইল্যান্ডে যাত্রাবিরতি করে জুলাই আন্দোলনের আহতদের খোঁজখবর নেন। বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি তাঁদের চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। এছাড়া দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। একই সঙ্গে বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222