স্বতন্ত্র পে-স্কেল ও অনারারি পদোন্নতি চায় পুলিশ

by hsnalmahmud@gmail.com

বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর মতো স্বতন্ত্র পে- স্কেল, ৮ ঘণ্টার অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা, পুলিশ কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত অনারারি পদোন্নতি এবং মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি করেছে পুলিশ। এ ছাড়া মামলা তদন্তের ব্যয় বৃদ্ধিরও দাবি করা হয়েছে। গতকাল রবিবার পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেডে তাদের পক্ষ থেকে এসব দাবি তোলা হয়েছে। পুলিশ সদস্যদের উত্থাপিত দাবিগুলো প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে পুলিশের পক্ষ থেকে আরও ৬টি দাবি উত্থাপনের কথা রয়েছে।

কল্যাণ প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী কনস্টেবল তুষানা ইমরান প্রধানমন্ত্রীর কাছে পুলিশ কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত অনারারি পদোন্নতি দাবি উত্থাপন করে বলেন, সেনাবাহিনীতে অবসরে পাঠানোর সময় অনারারি পদোন্নতি দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনীর মতো পুলিশেও অবসর গ্রহণের আগে এক ধাপ উচ্চতর পদের অনারারি পদোন্নতি বা র?্যাঙ্ক দিলে পুলিশ সদস্যদের আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। এতে সরকারের অর্থ খরচ হবে না। নিম্ন পদের অনেক পুলিশ সদস্য সারাজীবন একই পদে থেকে অবসর নেন।

বিজ্ঞাপন
banner

কল্যাণ প্যারেডে এসবির ডিআইজি মীর আশরাফ আলী বলেন, পুলিশের থানা, ফাঁড়ি, ব্যারাকসহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজের জন্য নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ দীর্ঘদিন বন্ধ রয়েছে। এতে অপারেশনাল কাজে পুলিশ প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই পুলিশ কর্মকর্তা নতুন করে অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে অর্থ বরাদ্দ চালু এবং বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন।

মীর আশরাফ আলী সশস্ত্র বাহিনী ও জুডিশিয়াল সার্ভিসের মতো পুলিশের

জন্য স্বতন্ত্র পে-স্কেল চালুরও দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে। তিনি বলেন, স্বতন্ত্র পে-স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর মতো পুলিশের জন্যও আলাদা বেতন কাঠামো থাকা উচিত। কারণ আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার মামলার তদন্ত ব্যয় বৃদ্ধি এবং মোটরসাইকেল কিনতে পুলিশকে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি তোলেন প্রধানমন্ত্রীর কাছে। তিনি বলেন, মামলা তদন্তের বেশিরভাগ কাজ করেন এসআইরা। কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্ত কাজ গতিশীল করতে তাদের সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া মামলা তদন্ত ব্যয় যৌক্তিক পর্যায়ে বৃদ্ধিরও দাবি করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, পুলিশের কর্মঘণ্টার কোনো ঠিক নেই। ডিউটি রোস্টারের বাইরে প্রায় প্রতিদিনই নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটি করতে হয়। এ ছাড়া সাপ্তাহিক দুদিন ছুটির দিনেও পুলিশ সদস্যদের কর্মে নিয়োজিত থাকতে হয়। কিন্তু এ অতিরিক্ত ডিউটির জন্য পুলিশ কোনো ভাতা পায় না। এ ছাড়া ঈদ-পূজার ছুটিতেও পুলিশ সদস্যদের ডিউটিতে থাকতে হয়। এমন প্রেক্ষাপটে তিনি নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটির জন্য ওভারটাইম ভাতা দাবি করেন।

কল্যাণ প্যারেডের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইজিপি আলী হোসেন ফকির। এরপর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরেন। কল্যাণ প্যারেডে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কল্যাণ প্যারেড চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি পুলিশ একাডেমি করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশের পদোন্নতি সংক্রান্ত সুখবর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসর গ্রহণ করেও পরবর্তী পদোন্নতি পান না। সে জন্য বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে; সহকারী উপ-পরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপ-পরিদর্শক (এসআই) পদে এবং উপ-পরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হবে।

তিনি বলেন, সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পদোন্নতি বঞ্চনার নিরসনে অনারারি পদোন্নতি এবং পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার। যা তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এক্ষেত্রে পুলিশের ইন্সপেক্টর থেকে নিম্নে কনস্টেবল পদ পর্যন্ত ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্ম চাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে সুযোগ-সুবিধা বৃদ্ধি করে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষার জন্য আরও উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন/কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূর করতে বর্তমান সরকার আন্তরিক। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রা বদলেছে। এক্ষেত্রে পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট বিষয়ে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে না পারলে অপরাধ দমনে কাক্সিক্ষত লক্ষ্য ও সাফল্য অর্জন সম্ভব নয়। তিনি বলেন, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আরও যুগোপযোগী আইন প্রণয়নের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী আইন প্রণয়ন করা হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222