লাইফ সাপোর্টে রাজধানী

নানা সংকটে জর্জরিত ঢাকা

by Abid

৩৬নিউজ ডেস্ক: রাজধানী ঢাকা এখন বহুমুখী সংকটে পর্যুদস্ত। দুই সিটি করপোরেশনের পাড়া-মহল্লা থেকে শুরু করে বিশ্ব রোড সবখানেই অপরাধ আর অব্যবস্থাপনার বিষবাষ্প। একদিকে কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের প্রকাশ্য কেনাবেচা আর চাঁদাবাজির রমরমা কারবার; অন্যদিকে অচল নাগরিক সেবা, মশার উপদ্রব ও যত্রতত্র আবর্জনার স্তূপ; নগরজীবন করে তুলেছে ওষ্ঠাগত। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা অপরাধ সিন্ডিকেটগুলো দিন দিন বেপরোয়া হয়ে উঠলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো প্রভাব মাঠে লক্ষ্য করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, কাউন্সিলরবিহীন ওয়ার্ড অফিস আর প্রশাসনিক দীর্ঘসূত্রতায় দুই সিটি করপোরেশন এখন কার্যত ‘লাইফ সাপোর্টে’ চলে গেছে।

বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যমতে, রাজধানীতে ১১৮টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের সদস্য সংখ্যা কয়েক হাজার। বিশেষ করে মোহাম্মদপুর, পল্লবী ও মিরপুর এলাকায় এসব গ্যাং এখন মূর্তিমান আতঙ্ক। ছিনতাই ও মাদক ব্যবসার পাশাপাশি তুচ্ছ ঘটনায় তারা খুনাখুনিতে জড়িয়ে পড়ছে। এদিকে একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানীতে মাদকের ২৩১ জন গডফাদার ও সহস্রাধিক পাইকারি ব্যবসায়ী রয়েছে। গত এক বছরে ইয়াবা উদ্ধারের হার দ্বিগুণ বেড়েছে। হাত বাড়ালেই মিলছে আইস, কুশ ও কোকেনের মতো মরণনেশা। অন্যদিকে, ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে ফুটপাত ও বাস-ট্রাক স্ট্যান্ড—সবখানেই চলছে বেপরোয়া চাঁদাবাজি। ডিএমপির পক্ষ থেকে বিশেষ অভিযানের কথা বলা হলেও মূল গডফাদাররা ধরা না পড়ায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিজ্ঞাপন
banner

নাগরিক সেবার ক্ষেত্রেও দেখা দিয়েছে চরম স্থবিরতা। ওয়ার্ডগুলোতে কাউন্সিলর না থাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন ও নাগরিকত্ব সনদের মতো জরুরি সেবা পেতে মাসের পর মাস ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিচ্ছন্নতা কার্যক্রম ঝিমিয়ে পড়ায় অলিগলিতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় আসন্ন বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ঢাকা শহরে বর্তমানে প্রায় ১২ থেকে ১৫ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, যা যানজট ও দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। নগর বিশেষজ্ঞ ড. আদিল মোহাম্মদ খান মনে করেন, জনপ্রতিনিধি না থাকা এবং পুলিশি টহল পর্যাপ্ত না হওয়ায় অপরাধ প্রবণতা ও সেবার মান তলানিতে ঠেকেছে। এ অবস্থা নিরসনে দ্রুত জনপ্রতিনিধি নির্বাচন ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222