চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্র জানায়, মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতে শীলকূপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের সহায়তায় মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। এছাড়া মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মাদক সেবনের দায়ে দণ্ডিতরা হলেন- মো. আবদুল কাদের (৪২), মো. আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৪), মো. আজিজ (২০), মো. ছাবের আহমেদ (৩৪) ও মো. আলাউদ্দিন (৪৫)। এরমধ্যে কাদের, আজিজ ও ছাবেরকে তিন মাস এবং অন্যদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জুয়া খেলার দায়ে দণ্ডিতরা হলেন- মো. দিদারুল আলম (২২), আজগর হোসেন (৩২), সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মো. মোজাফফর আহমদ (৪২)। তাদের মধ্যে দিদারুলকে ছয় মাস, আজগরকে তিন মাস এবং অন্যদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজব্যবস্থাকেও ধ্বংস করে দেয়। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। যারা এখনো এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাই।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়া মুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় নেই। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান চলবে।
এনআর/
