পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে ২৮টি কোরবানির গরুসহ একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জন ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
এই দুর্ঘটনায় ট্রলারে থাকা ২৮টি গরু থেকে ২৩টি গরুও পদ্মায় তলিয়ে গেছে। নিখোঁজ গবাদিপশুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
আজ সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।
নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের একটি হাটের উদ্দেশ্যে রওনা হন। ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের কাছাকাছি পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। তীব্র ঢেউ ও ঝোড়ো হাওয়ার তোড়ে ট্রলারটি মুহূর্তেই পদ্মায় ডুবে যায়।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, ট্রলার ডুবির পর ১৪ জন ব্যবসায়ী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া ৫টি গরু জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। তবে ১ জন ব্যবসায়ী এবং ২৩টি গরু এখনো নিখোঁজ রয়েছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনায় ১ জন গরু ব্যবসায়ী এবং ২৩টি কোরবানির গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটির সন্ধানসহ নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
হাআমা/
