আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোধে শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশনার পর জেলাগুলোতে তৈরি করা হোল্ডিং সেন্টারের কার্যকারিতা শুরু হয়েছে। এর মধ্যেই এবার বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকা থেকে সাহিন শেখ নামের ওই যুবককে গ্রেফতারের পর তাকে বহরমপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, সাহিন প্রকৃতপক্ষে বাংলাদেশের বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে নিজের আসল পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন।
তদন্তকারীদের দাবি, গত প্রায় ১৫ বছর ধরে সাহিন অবৈধভাবে ভারতে অবস্থান করছেন। পশ্চিমবঙ্গে আসার পর তিনি নিজেকে কেবল ভারতীয় নাগরিক হিসেবেই দাবি করেননি, বরং স্থানীয় এলাকায় রীতিমতো বিয়ে করে সংসারও পেতেছিলেন। গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর সামশেরগঞ্জ থানার পুলিশ জালাদিপুর এলাকার একটি সিমেন্ট গোডাউনে অভিযান চালায়। সেখান থেকেই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানা পুলিশ সাহিনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাহিন শেখ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০১১ সালে কোনো বৈধ নথিপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন এবং মুর্শিদাবাদে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। গ্রেফতারের পর তার কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে সেগুলো জাল বলে প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহিন নিজে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন তদন্তকারীরা।
টিএইচএ/
