বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের চিত্র উদ্বেগজনক হারে বেড়েছে উল্লেখ করে গত তিন মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধির অধীনে দেওয়া নোটিশের ওপর দুই মিনিটের এক বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক চলছিল। বক্তব্য দেওয়ার শুরুতে রুমিন ফারহানা বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আসার জন্য অপেক্ষা করছিলেন, তবে তার অনুপস্থিতিতেই বাধ্য হয়ে তাকে এই জরুরি বিষয়ে কথা বলতে হচ্ছে।
ব্যারিস্টার রুমিন ফারহানা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে। এই নির্দিষ্ট সময়ে ৪৭৬টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে সংস্থাটির তথ্যে উঠে এসেছে। প্রতিবেদনের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, শুধু মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে ২,২১৪টি।
সংসদে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে এই স্বতন্ত্র সংসদ সদস্য জানান, এই তিন মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে মোট ৩,৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন নারী, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। রুমিন ফারহানা বলেন, এই সরকারি পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আসলে কতটা নাজুক। তিনি এর আগে উল্লেখ করেছিলেন যে এই সরকারের সফলতা বা ব্যর্থতার ৫০ ভাগ নির্ভর করবে অর্থনীতি ও আইনশৃঙ্খলা এই দুটি বিষয়ের ওপর এবং বাকি ৫০ ভাগ অন্য সব মন্ত্রণালয়ের কাজের ওপর। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আবারও বলেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার পক্ষে এটি আরও স্পষ্ট করে বলা সহজ হতো যে সরকারের সফলতার একটি বড় অংশ অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের ওপরই পুরোপুরি নির্ভর করে।
টিএইচএ/
