নিজস্ব প্রতিবেদক :: দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, বেকারত্ব নিরসনে কার্যকর ও কর্মসংস্থানমুখী বাজেট প্রয়োজন ।শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমাদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন।
আহমাদ আবদুল কাইয়ূম বলেন, দেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। বিদ্যমান শিক্ষাব্যবস্থা অনেকটা বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় সংস্কার সম্ভব হচ্ছে না। তাই বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে কর্মসংস্থানবান্ধব বাজেট ঘোষণা করতে হবে।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, গত ১০ বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা খাতে সর্বোচ্চ ১৪ দশমিক ০২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তী বছরগুলোতে এ হার আরও কমেছে। একটি উন্নয়নশীল দেশের জন্য এ বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। বিশেষ করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় উচ্চশিক্ষা শেষ করেও অনেক তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না।
আবদুল কাইয়ূম বলেন, দীর্ঘদিন চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন অনেক শিক্ষিত যুবক। কেউ কেউ আত্মহত্যার মতো চরম পথও বেছে নিচ্ছেন, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক।
সভায় দলের দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক শেখ আবু তাহের এবং হাফেজ সালাহউদ্দিন আহমেদসহ নেতারা উপস্থিত ছিলেন।
