আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

by naymur bd1999

বশির আহম্মদ মোল্লা,(নরসিংদী প্রতিনিধি)

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন, লাইসেন্স বাতিল ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকার প্রস্তাব নিয়ে তার পেছনে ঘুরেছে, কিন্তু তিনি কোনো প্রকার প্রলোভনে সাড়া দেননি।

বিজ্ঞাপন
banner

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আপনি যা করবেন, আমি পূর্ণ সমর্থন দেব। তাই আমি হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছি।”

তিনি দাবি করেন, তদন্তে দেখা গেছে নবজাতকদের একটি বদ্ধ কক্ষে রাখা হয়েছিল, যেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। তার ভাষ্য অনুযায়ী, ওই কক্ষে কোনো জানালা ছিল না এবং এক পর্যায়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও বন্ধ হয়ে যায়। ফলে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয়ে শিশুদের অবস্থার অবনতি ঘটে।

মন্ত্রী আরও বলেন, ঘটনার সময় সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক বা নার্স উপস্থিত ছিলেন না। একটি শিশুকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর তার অবস্থার উন্নতি হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি। পরে একই কক্ষে ফেরত নেওয়ার পর একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘটে বলে তিনি অভিযোগ করেন।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “ছয়টি শিশুর মৃত্যুর পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এই শাস্তি দেশের বেসরকারি হাসপাতালগুলোর জন্যও একটি বার্তা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে তিনি স্বাস্থ্যসেবা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। মন্ত্রী জানান, একটি পাইলট প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এছাড়া চীন-এর সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222