৩৬নিউজ ডেস্ক:: প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
রোববার (১৪ জুন) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে দলের আমীর মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। তিনি বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবর্তে সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এ উদ্যোগ বাতিল করে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদারের দাবি জানান তিনি।
বৈঠকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মামুনুল হক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, অর্থপাচার ও ব্যাংকিং খাতের অনিয়মে জনগণ চরম দুর্ভোগে রয়েছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের সমস্যার কার্যকর সমাধানের সুস্পষ্ট রূপরেখা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মদ ও জুয়ার প্রসার, সীমান্ত হত্যা, পুশ-ইন, তিস্তার পানিবণ্টন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও কার্যকর ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান দলের নেতারা।
বৈঠক পরিচালনা করেন মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনআর/
