৩৬ নিউজ ডেস্ক:: প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে জানানো হয়েছে যে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার প্রস্তাব মন্ত্রিপরিষদের অনুমোদন পায়নি এবং সরকার বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরে এসেছে। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী ঘোষিত সকল বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে ইসলামী মূল্যবোধ, পারিবারিক আদর্শ এবং জনগণের বিশ্বাস-চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো শিক্ষানীতি বা কর্মসূচি চাপিয়ে দেওয়ার চেষ্টা জাতীয় ঐক্য, সামাজিক স্থিতিশীলতা ও শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর।
তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবে এবং জনগণের ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবে।
বিবৃতিতে খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, প্রশাসন ও নীতিনির্ধারণী কাঠামোর ভেতরে একটি মহল বারবার জনগণের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও জাতীয় চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রস্তাব সামনে নিয়ে আসছে। এসব উদ্যোগের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের শুভবুদ্ধির পরিচয় এবং জনগণের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, শিক্ষা-সংস্কৃতির স্বকীয়তা এবং জনগণের ন্যায্য অধিকারবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও সাংবিধানিক কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকবে।
এনআর/
