হরমুজ প্রণালিতে ৬০ দিন জাহাজ চলাচলে ফি নেবে না ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।

মাসের পর মাস চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এই পদক্ষেপকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌযান চলাচল পুনরুদ্ধারের বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক বাণিজ্যিক জাহাজগুলোকে ৬০ দিনের জন্য কোনো ফি দিতে হবে না।

পরিষদ জানায়, এই সময়ের মধ্যে প্রণালি ব্যবহারের জন্য যে খরচ সাধারণত নেওয়া হয়, তা সম্পূর্ণভাবে ইরান সরকার বহন করবে।

বিবৃতিতে বলা হয়, ‘আগামী ৬০ দিনের জন্য আবেদনকারীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। এসব ব্যয় ইরান বহন করবে।’

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর এ ঘোষণা এলো।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আবেদন নিষ্পত্তি করতে এবং সমঝোতা স্মারকের আওতায় সেগুলোকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই কর্তৃপক্ষই জাহাজ চলাচলের অনুমতিপত্র, নির্দিষ্ট সময়সূচি এবং নির্ধারিত রুট প্রদান করবে।

ইরান জোর দিয়ে বলেছে, অনুমতি পাওয়া জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইরানি কর্তৃপক্ষের মতে, সামুদ্রিক করিডোরে এখনও কিছু নিরাপত্তা ঝুঁকি ও উদ্বেগ রয়েছে। তাই জাহাজ চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা প্রয়োজন।

কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চললে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ করা এবং ধীরে ধীরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সহজ হবে।

পরিষদ আরও জানিয়েছে, নিরাপত্তাজনিত বিবেচনায় জাহাজগুলোকে নির্ধারিত সময় ও নির্দিষ্ট পথেই হরমুজ প্রণালি অতিক্রম করতে হবে।

তথ্যসূত্র: সামা টিভি

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222