জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর থেকে অযথা আলোচনার মাধ্যমে জনগণের ট্যাক্সের টাকার অপচয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম। তার মতে, মনে হচ্ছে জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, জনগণ মাথার ঘাম পায়ে ফেলে, নিজের জীবনের মায়া তুচ্ছ করে অর্থ উপার্জন করে। প্রবাসীরা স্বজনদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়। সেই টাকার উপর ট্যাক্স নিয়েই রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হয়।
সংসদ সদস্যদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে নগর সভাপতি বলেন, সংসদ সদস্যদের মনে রাখা উচিত, সংসদ অধিবেশনে প্রতি মিনিটে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়। রাষ্ট্রের সম্পদ তাদের কাছে মানুষ আমানত রেখেছে। আমানতের খেয়ানত করে তারা জনগণের অভিশাপ অর্জন করছেন কি-না, তা ভেবে দেখা উচিত।
তিনি আরও বলেন, আমরা সংসদকে একটি কার্যকরী আইনসভা হিসেবে দেখতে চাই। কিন্তু অপ্রাসঙ্গিক আলোচনার কারণে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়গুলো আড়ালে চলে যাচ্ছে।
সংসদে এমন অপ্রাসঙ্গিক আলোচনা বন্ধ করতে এবং জনগণের অর্থের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীর কার্যকরী হস্তক্ষেপ কামনা করেন।
হাআমা/
