মসজিদ-মাদরাসায় রাজনীতি বন্ধে আইন পাসের দাবি বিএনপির সংসদ সদস্যের

by Abid vs36

দেশের সব মসজিদ-মাদ্রাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করতে আইন পাস করার জোর দাবি তুলেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।

আজ সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এই আহ্বান জানান। বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হয়।

বিজ্ঞাপন
banner

অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে রেজা আহাম্মেদ বলেন, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কথা বলতে চাই। আমাদের দেশে মসজিদের ভেতর রাজনৈতিক তৎপরতা ও রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ হচ্ছে পবিত্র স্থান, আল্লাহর ঘর। মসজিদে মানুষ বিনম্র চিত্তে নামাজ পড়বে, মসজিদে পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত করবে। কিন্তু দুঃখজনকভাবে একটি রাজনৈতিক দল পবিত্র মসজিদে গিয়ে রাজনীতি করছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে সংসদে একটি সুনির্দিষ্ট আইন পাস করার জন্য অনুরোধ করব, যাতে দেশের কোনো মসজিদ ও মাদ্রাসায় কোনো ধরনের রাজনৈতিক মিটিং বা কর্মকাণ্ড পরিচালনা করা না যায়।

তিনি আরও বলেন, আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে, উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কিংবা কোনো হলরুমে বিএনপি বা দেশের অন্য রাজনৈতিক দলগুলো কর্মীসভা ও জনসভা করে রাজনৈতিক মিটিং করি, ঠিক তেমনি তাদেরকেও প্রকাশ্যে সেই ব্যবস্থা করতে হবে। তারা কোনোভাবেই আল্লাহর ঘর পবিত্র মসজিদে মিটিং করতে পারবে না। নিজের এই বক্তব্যের যৌক্তিকতা তুলে ধরে কুষ্টিয়া-১ আসনের এই সংসদ সদস্য বলেন, আমার এই বক্তব্যের সঙ্গে সংসদের সবাই একমত কি-না, তা আমি জানি না; তবে ধর্মীয় পবিত্রতা রক্ষায় এটি সময়ের দাবি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222