কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতন সেল তথা আয়নাঘরের প্রসঙ্গটি সামনে নিয়ে আসেন।
সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে আওয়ামী লীগের সময়ে বিরোধী দলের সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর প্রতি ঐক্য ধরে রাখার জোরালো অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যাঁরা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাঁদের জীবন হুমকির মুখে পড়বে।
বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি জানান, ফেনীতে আন্দোলনে ১১ জন নিহত হয়েছিলেন এবং তিনি সম্প্রতি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। নিহতদের পরিবারগুলো পুলিশ প্রশাসন ও আদালতের বর্তমান ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে, পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না, আর ধরলেও আদালত দ্রুত জামিন দিয়ে দিচ্ছেন। তারা কোনো আর্থিক অনুদান চান না, শুধু সন্তান হত্যার সুষ্ঠু বিচার চান।
দেশের আর্থিক খাতের সমালোচনা করে রেহানা আক্তার রানু বলেন, কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংকখেকো ও ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুটপাট করে তারা এখন বিদেশে আরাম-আয়েশে জীবন যাপন করছে। অথচ আজকে সাধারণ গ্রাহকেরা নিজের চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না। যেসব লুটেরা গ্রাহকের টাকা লুটেছে, তাদের কোনো ক্ষমা হতে পারে না। অবিলম্বে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে দেশের সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন বলেও সংসদে অভিযোগ তোলেন এই সংসদ সদস্য।
টিএইচএ/
