আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (এসিআই) এবং অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া (অ্যাসোচ্যাম) ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ।
আরিয়ানা জানায়, অ্যাসোচ্যাম এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লিতে দুই দেশের ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে অ্যাসোচ্যামের মহাসচিব সৌরভ সান্যাল এবং এসিআই-এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ করিম হাশেমি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
হাশেমির নেতৃত্বে আফগান প্রতিনিধিদলটি অ্যাসোচ্যামের সভাপতি নির্মল কুমার মিন্ডা এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ প্রবাহ এবং বেসরকারি খাতের সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছে।
অ্যাসোচ্যামের মতে, এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা, ব্যবসায়িক সম্পর্ককে উৎসাহিত করা এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা।
সংস্থাটি বলেছে, তারা উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: আরিয়ানা নিউজ
হাআমা/
