মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উৎসবমুখর পরিবেশে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র ও ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের মোট সাতটি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন প্রতিযোগী এই ক্রীড়া আয়োজনে অংশ নিচ্ছেন।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাবির উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপ উপাচার্য অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড় ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান।
আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব কমিটির সভাপতি ও কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম ২ এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আব্দুল মান্নান, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। প্রতিযোগিতায় স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তায়কোয়ান্ডো দল অংশ নিচ্ছে।
টিএইচএ/
