ভয়াবহ দাবদাহে ইউরোপে সাত দিনে ১৩০০-র বেশি মৃত্যু

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ইউরোপজুড়ে তীব্র দাবদাহের তীব্রতা বেড়েছে। ভয়াবহ দাবদাহে সাত দিনে মারা গেছে তেরোশ মানুষ। গত ২১ জুন থেকে এ পর্যন্ত ১,৩০০-রও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেবল ফ্রান্সেই প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার মানুষ। তীব্র গরমে জার্মানি জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খাচ্ছে জরুরি পরিষেবাগুলো, যার ফলে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেউসুস জানিয়েছেন, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ, যেখানে প্রায় ১৫ কোটি মানুষ চরম তাপমাত্রার মধ্যে জীবনযাপন করছেন।

বিজ্ঞাপন
banner

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ইউরোপ বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে, যার ফলে প্রাণঘাতী দাবদাহের পুনরাবৃত্তি এখন আরও ঘন ঘন এবং বিপজ্জনক হয়ে উঠেছে। এক সময় যা প্রজন্মের মধ্যে একবার দেখা যেত, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে সেই চরম দাবদাহ এখন প্রায় প্রতি বছরই ঘটছে।

তিনি এই তীব্র গরমকে একটি নীরব ঘাতক হিসেবে বর্ণনা করে সতর্ক করেছেন যে ইউরোপের বহু ঘরবাড়ি, বিদ্যালয় ও কর্মক্ষেত্র দীর্ঘস্থায়ী চরম তাপমাত্রা সহ্য করার মতো করে তৈরি করা হয়নি। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ করছে।

চলমান এই দাবদাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। দেশটির জনস্বাস্থ্য বিভাগ জানায়, সপ্তাহের সবচেয়ে গরম দিনগুলোতে দৈনিক মৃত্যুর সংখ্যা স্বাভাবিক ৯০০ থেকে বেড়ে ১,৪০০ ছাড়িয়ে যায়। মাত্র তিন দিনেই সেখানে অন্তত ১,০০০ অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮৫ শতাংশেরই বয়স ৬৫ বছর বা তার বেশি। দেশের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছিল।

অন্যদিকে, জার্মানিতেও তাপমাত্রার সব রেকর্ড ভেঙে গেছে। দেশটির আবহাওয়া দপ্তর মকার্ন-ড্রেউইটজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং কুবশুৎজে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। বার্লিনে অতিরিক্ত গরমের কারণে অসুস্থদের সহায়তায় প্রায় ৫০০টি বাড়তি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে সমবেত বাসিন্দা ও পর্যটকদের শরীর ঠাণ্ডা রাখতে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটায়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222