ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

by hsnalmahmud@gmail.com

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ভারতের অংশের পানি পুরোপুরি ব্যবহারের ঘোষণার পর ইসলামাবাদ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তানের এক মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির প্রাপ্য পানিতে কেউ হাত দিলে ‘সেই হাত কেটে ফেলা হবে’।

ভারতের কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল সম্প্রতি জানান, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সিন্ধু চুক্তির আওতায় ভারতের অংশের সব পানি ব্যবহারের সক্ষমতা গড়ে তোলা হবে। তার এ বক্তব্যের পরই পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞাপন
banner

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেন, প্রতিবেশী দেশ এমন একটি অবস্থান নিয়েছে, যাতে পাকিস্তানের জন্য নির্ধারিত পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জীবিকা কৃষিনির্ভর। তাই দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতির সঙ্গে জড়িত পানির অধিকার কোনোভাবেই খর্ব হতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের পানিতে কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।’

মুসাদিক মালিক আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ ইচ্ছামতো ভাটির দেশের পানিপ্রবাহ বন্ধ করতে পারে না। তার ভাষ্য, দুই দেশের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি এখনো বহাল রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পাকিস্তান তাদের অবস্থান তুলে ধরবে।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি কোনো দেশ একতরফাভাবে বাতিল বা সংশোধন করতে পারে না। তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, সিন্ধু নদীর পানি পাকিস্তানের জন্য ‘জীবনরেখা’ এবং এটি তাদের জন্য একটি ‘রেড লাইন’।

অন্যদিকে ভারতের অবস্থানও স্পষ্ট। গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগামে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।

ভারতের দাবি, পাকিস্তান তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী অবকাঠামো পুরোপুরি ধ্বংসের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222