পিয়নের কারসাজিতে এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: একজন পিয়ন চাইলেও নিভিয়ে দিতে পারে মানুষের জীবন। ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। কলেজের একজন পিয়নের প্রতারণার কারণে তাদের এই ভাগ্যবরণ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ছাত্রী।

বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা দিতে না পেরে ছাত্রীরা কলেজ গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন। তারা হলেন মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম

বিজ্ঞাপন
banner

এ সময় ঘটনার বিষয়ে জানতে চাইলে মনি ও মুক্তা জানান, তারা দুজন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের নিয়মিত ছাত্রী। এইচএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় তারা দুজন দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এই কারণে কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি। পরবর্তীতে কলেজের পিয়ন মো. শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে তাদের ফরম পূরণ ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন। তবে শর্ত দেন যে, এই বিষয়টি কলেজের অন্য কাউকে জানানো যাবে না। ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার বাবদ পিয়ন শাহজাহান দুই ছাত্রীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন। কিন্তু পরীক্ষার আগে অন্য সহপাঠীরা প্রবেশপত্র পেলেও মনিমুক্তা আক্তার ও ইসমাত আরার নামে কোনো প্রবেশপত্র আসেনি।

বিষয়টি জানতে পেরে দুই ছাত্রী পিয়ন শাহজাহানের পা ধরে আকুতি জানান। তখনও পিয়ন শাহজাহান তাদের আশ্বস্ত করে বলেন, “তিনজন লোককে সিএনজি দিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠিয়েছি। তোরা নিশ্চিত থাকতে পারিস, প্রবেশপত্র পেয়ে যাবি।

এই আশ্বাসে দুই ছাত্রী বৃহস্পতিবার সকালে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেটে এসে প্রবেশপত্র পাওয়ার জন্য শাহজাহানকে মোবাইল ফোনে কল করেন। কিন্তু বারবার কল দিলেও শাহজাহানের কোনো সাড়া না পেয়ে দুই ছাত্রী কলেজ গেটেই কান্নায় ভেঙে পড়েন।এদিকে ঘটনার পর পিয়ন শাহজাহানকে কলেজে গিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেনি।

এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, শাহজাহান আমাদের কলেজের পিয়ন। কিন্তু সে তো পরীক্ষার্থীদের ফরম পূরণ করে দেওয়ার মতো কেউ নন। এই বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে উক্ত পিয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে ওই পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222