বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে সরকারি সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তিনি বিশ্বজুড়ে ক্রীড়াবিদ ও সাংবাদিকদের প্রতি ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-র মুখোমুখি হবে মিশর। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দল নিয়ে প্রশ্নের পাশাপাশি ফিলিস্তিন প্রসঙ্গেও দীর্ঘ সময় কথা বলেন হাসান।
এর আগে রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছিল তাকে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনাকে হারাতে পারলে তিনি আবারও একই কাজ করবেন কি না।
জবাবে হাসান বলেন, ‘পৃথিবীর যেখানেই থাকুক, কেউ যদি ফিলিস্তিনের মানুষের কষ্ট অনুভব না করেন, তাহলে তিনি তার মানবতার একটি অংশ হারিয়ে ফেলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমি আরব, মুসলিম বা খ্রিস্টান হওয়ার আগে একজন মানুষ। ফুটবল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক মাধ্যমগুলোর একটি। আমি এই মঞ্চ থেকে শুধু একটি বার্তা দিতে চাই, দয়া করে ফিলিস্তিনের মানুষকে বাঁচতে দিন।’ বিশ্বের সব ক্রীড়াবিদ ও সাংবাদিকের কাছে আমার আহ্বান, আপনারাও এই বার্তাটি ছড়িয়ে দিন।
মানবাধিকার নিয়ে কথা বলতে গেলে ফিলিস্তিনের সাধারণ মানুষের কথাও বলা উচিত বলে মন্তব্য করেন মিশর কোচ। তিনি বলেন, ‘যখন আমরা মানবাধিকার, প্রাণীর অধিকার কিংবা ন্যায়বিচারের কথা বলি, তখন ফিলিস্তিনের সাধারণ মানুষের কথাও বলা উচিত।’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থা সেখানে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।
এদিকে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পোশাক বা সরঞ্জামে রাজনৈতিক বার্তা প্রদর্শনের অনুমতি নেই। তবে সংবাদ সম্মেলনে কোচদের রাজনৈতিক মত প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোনো স্পষ্ট নিয়ম খুঁজে পাওয়া যায়নি।
ফুটবল প্রসঙ্গেও কথা বলেন হোসাম হাসান। তিনি স্বীকার করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের দলকে অনেকেই পিছিয়ে রাখছেন। তবুও তার বিশ্বাস, মাঠে লড়াই করতে প্রস্তুত মিশর।
হাসান বলেন, ‘আমরা জানি, আমরা বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামছি। তাদের দলে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারও আছে। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু মিশরের প্রতিনিধিত্ব করছি না। আমরা আরব বিশ্ব এবং আফ্রিকার প্রতিনিধিত্বও করছি। এই দায়িত্ব আমাদের নিজেদের খেলায় মনোযোগী থাকতে সাহায্য করে। মাঠে আমরা কী করতে পারি, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
