বরগুনায় ঢেউয়ে ভেসে গেছেন এক কিশোর

by Masudul Kadir

বরগুনা প্রতিনিধি :: বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে বৈরী আবহাওয়ার মধ্যে গোসল করতে নেমে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এক কিশোর হারিয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিখোঁজ কিশোর মো. আসাদুল (১৬) আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার সৌদি প্রবাসী মো. মুসার একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আসাদুলসহ পাঁচজন শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের সৃষ্টি হলে তারা স্রোতে ভেসে গভীর পানিতে চলে যান। প্রাণ বাঁচাতে জেলেদের মাছ ধরার জন্য পুঁতে রাখা বাঁশ আঁকড়ে ধরেন তারা। একপর্যায়ে আরও বড় একটি ঢেউয়ের আঘাতে আসাদুল যে বাঁশটি ধরে ছিলেন সেটি ভেঙে যায়। এরপর তিনি ঢেউয়ের মধ্যে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

আসাদুলের স্বজন মো. সাগর বলেন, “হঠাৎ বড় বড় ঢেউ এসে আমাদের তীর থেকে অনেক দূরে নিয়ে যায়। আমরা বাঁশ ধরে বেঁচে থাকার চেষ্টা করি। পরে আরও বড় ঢেউ এলে আসাদুল যে বাঁশটি ধরে ছিল সেটি ভেঙে যায়। এরপরই সে আমাদের চোখের আড়ালে চলে যায়। পরে স্থানীয়রা এসে আমাদের চারজনকে উদ্ধার করেন।”

তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আহসান হাবিব বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পাঁচজন সমুদ্রে নামার পর একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এরপর তালতলী ফায়ার সার্ভিস, পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222